বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাসপেন্ড
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২১:৪৫
বেসিক ব্যাংকের গুলশান শাখায় সংঘটিত অনিয়মের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাখা ব্যবস্থাপক এস. এম. ওয়ালিউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বেসিক ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। যদিও এর দু’দিন আগে তাকে প্রধান কার্যালয়ে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়।
বাংলাদেশ ব্যাংক ও বেসিক ব্যাংকের নিরীক্ষা বিভাগের পৃথক পরিদর্শনে ঋণ বিতরণে গুলশান শাখায় ব্যাপক অনিয়ম পাওয়া যায়। বৈদেশিক লেনদেনের নামে এ শাখার মাধ্যমে বিপুল পরিমাণের অর্থ পাচার হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অগোচরে ব্যাংকিং রীতিনীতি না মেনেই শাখার কর্মকর্তারা বিভিন্ন গ্রাহকের টাকা বিদেশে পাচারে সহায়তা করেছেন। এর আগে গত ১৫ এপ্রিল এ শাখার সাবেক ব্যবস্থাপক মো. শিফার আহমেদসহ ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরপর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করার একদিন পর গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখা থেকে নতুন ঋণ অনুমোদন বন্ধ করে দেয়া হয়।