উইন্ডিজ থেকে ফিরছেন ছয় ক্রিকেটার
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:২২
বাংলাদেশ ওয়ানডে ‘এ’ দল
নাঈম ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, নুরুল হামান সোহান, মুক্তার আলী, রবিউল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, আরাফাত সানি ও শফিউল ইসলাম।
ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য বর্তমানে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা জাতীয় দলের ছয় ক্রিকেটারকে ফিরিয়ে আনা হচ্ছে। এদের পরিবর্তে অপর ছয়জনকে গতকাল বুধবার রাতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানোর কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
মূলত ফর্মে ফেরাতেই জাতীয় দলের এই ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হয়েছিলো। তবে তার আগেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্যারিবীয় দ্বীপ থেকে দেশে ফেরত আনা হচ্ছে নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, ইলিয়াস সানি, শুভাশিস রায় ও মোস্তাফিজুর রহমানকে। চার দিনের চলতি ম্যাচ শেষে তারা শনিবার দেশে ফিরবেন।
এমনিতে টুর্নামেন্ট শেষ করে ১৬ জুন দেশে ফেরার কথা রয়েছে ‘এ’ দলের। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে গতকাল রাতেই ঢাকা ছেড়েছেন ফরহাদ রেজা, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও শফিউল ইসলাম। সেখানে গিয়ে ওয়ানডে সিরিজে অংশ নিবেন তারা। ৮ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার ওয়নাডে সিরিজ শুরু। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ১০ ও ১২ জুন। ১৪ ও ১৫ জুন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে বাংলাদেশ ‘এ’ দল। পরের দিন তথা ১৬ জুন ঢাকার বিমানে উঠবে যুব ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।