বৈশ্বিক ট্রেন্ডে ঈদ ফ্যাশন

কোনো দেশকে বৈশ্বিক বা আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সবসময়ই এগিয়ে থাকে তারুণ্য। তাই এবারের ঈদেও তরুণ প্রজন্মের পোশাকের ট্রেন্ডে বিশ্বফ্যাশনের ছাপ দেখা যাবে। মূলত আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের প্রভাব বেশি দেখা যায় ক্যাজুয়ালে। আর এই আয়োজনে ক্যাজুয়াল ও সেমিফরমালপ্রেমীদের পোশাকের গল্পই তুলে ধরা হয়েছে। লিখেছেন পাভেল ইসলাম

ছেলেদের ক্যাজুয়াল ট্রেন্ড

 

ক্যাজুয়াল ফ্যাশন সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তা এদেশের বেলাতেও বটে। ক্যাজুয়াল ফ্যাশনে বৈশ্বিক ট্রেন্ডের এক অংশে দেখা যায় পোলো টি-শার্ট পরার চল। যা ছেলেদের জন্য এই গরমে জুতসই একটি পোশাক। কারণ পোলো টি-শার্টের কাপড় সাধারণত খুবই মসৃণ ও পাতলা হয়। আমাদের দেশে কটনের চল সবচেয়ে বেশি। পোলো টি-শার্ট অধিকাংশ ক্ষেত্রেই একরঙা মানানসই। যা ক্লাসিক। তবে স্ট্রাইপেরও ফ্যাশন রয়েছে। এই পোশাকের ক্ষেত্রে মাথায় রাখা জরুরি যে, এর কলারের রিব ফেব্রিক যেন ভালো মানের হয়। পোলোর বাটোন ডিজাইনে বড় ভূমিকা রাখে। বাটনগুলো একটু মোটা ও কাপড়ের বিপরীত কোনো রঙের হলেই সুন্দর দেখায়। পোলো পরার ক্যাজুয়াল ফ্যাশন এই যুগে পৌঁছে গেছে কর্পোরেট হাউস পর্যন্ত। মার্জিত একটি পোলো, সঙ্গে চিনোস ও লোফার অনেকটা সেমিফরমালের ভাব এনে দেয়। তবে বইয়ের ভাষায় তা অবশ্যই ক্যাজুয়ালই থাকবে। আসল সেমিফরমাল তাহলে ক্যাজুয়াল শার্টের সঙ্গে চিনোস, জিন্স অথবা ফরমাল প্যান্টের ইন করাকে ইঙ্গিত করে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের কদর সবসময়ই থাকে। তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে অন্যান্য প্রিন্টের শার্ট, যেমন :ফ্লোরাল, জিওম্যাট্রিক এখন বেশ প্রচলিত। তবে শার্ট বাছাইয়ের ক্ষেত্রে ঈদ ও গরম—এ দুটির কথাও মাথায় রাখতে হবে। ঈদে অন্যের বাসায় দাওয়াত খাওয়া, অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য অনেকেই শার্টকে ঈদ পোশাকের তালিকায় রাখেন। এক্ষেত্রে কটনের শার্ট জুতসই হবে। খুব ভারী কাপড় এড়িয়ে চলাই ভালো এসময়ে। আর গ্যাবার্ডিন কাপড়ের চিনোসের ক্ষেত্রে রং হিসেবে বেছে নিন অ্যাশ, খাকি, বিস্কুট, কফি, ব্লাক, অফ হোয়াইটকে। ক্যাজুয়াল শার্ট, লোফারের সঙ্গে চিনোস বা ডেনিম পরার রয়েছে আরেকটি সুবিধা। এটি আপনি ইন করে পরলে তা সেমিফরমাল লুক এনে দেয়, আর ইন ছাড়া পরলে সম্পূর্ণ ক্যাজুয়াল।

এবার পুরুষ ফ্যাশনে বিশেষ মাত্রা যোগ করেছে মেন ফ্যাশন এক্সপ্রেস। নিজেদের স্টাইল স্টেটমেন্টেট পরিবর্তন আনতে পছন্দ করেন এমন পুরুষদের জন্যই সেইলরের এই উদ্যোগ বলে জানান এর চিফ অপারেটিং অফিসার মো. রেজাউল কবির। তিনি বলেন, ‘এজন্যই এই মেন ফ্যাশন এক্সপ্রেসের কালেকশনে থাকছে দারুণ সব ট্রেন্ডি আউটফিট। বিশেষ করে স্মার্ট ক্যাজুয়ালস, ক্লাব শার্টস, প্রিন্টেড শার্টস।’

সেইলরের চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির আশা করছেন তাঁদের এই কালেকশন সবার মনে ধরবে এবং তাদের ওয়ারড্রোবে বিশেষ মাত্রা আনবে। কারণ এই পোশাক যিনি পরছেন, তিনি কেবল ঈদ নয়, যেকোনো অনুষ্ঠানে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। 

মেয়েদের ক্যাজুয়াল ট্রেন্ড

টপস বলতে শরীরের উপরিভাগের পোশাককে বোঝানো হলেও প্রচলিত অর্থের দায়ে তা মেয়েদের পোশাক বিশেষ বলে চিহ্নিত। সময়টা এখন গ্রীষ্মকাল। সেহেতু বডি কাটিংয়ে দুই-চারটা নতুনত্ব তো চোখে পড়েই। তাও পূর্ব ফ্যাশনের বাইরে নয়। তেমনি কিছু ডিজাইনের মধ্যে ঢোলা, কার্ভ স্লিভ, বেল স্লিভ উল্লেখ্য। তবে এই ঈদে সবচেয়ে বেশি চোখে পড়বে ব্যাসিক প্যাটার্ন ও ফ্রক কাট। আর ট্রেন্ডি কামিজ বা টপসে সময়ের রং, দেশি মোটিফ ও কৃষ্টি-সংস্কৃতির মিশ্রণে পরিলক্ষিত হয় এখন পারসিয়ান বা ইরানি লুক। ডিজাইন, চিত্রশিল্প, আলোকচিত্রের উত্সাহ হিসেবে ফুলের বৈচিত্র্য, বিশেষত্ব চিরকালীন। আর নারী ও ফুলের বিশেষ মিল স্বীকার করেন সবাই। ফ্যাশনে তাই মেয়েদের ডিজাইনের চিন্তা সহজ করে দেয় ফুলেল মোটিফ। তা সবচেয়ে ভালো ফুটে ওঠে প্রিন্টিংয়ের মাধ্যমে। মেয়েদের টপস, শর্ট কামিজ, টরসোর মতো ড্রেসে ফ্লোরাল প্রিন্টের ব্যবহার তাই সম্পূর্ণ সময়োপযোগী। প্রিন্টে এ ধরনের ডিজাইন বেশি বাস্তব দেখায়। হাল ফ্যাশনে মেয়েদের পছন্দের পোশাকে দেখা মেলে তাই ফুলেল শৈলীর। বুনন বা টেক্সারে ডিজাইনের প্রধান ফোকাস বেশি দেখা যায় মেয়েদের লং কামিজের। আর চলতি ট্রেন্ডে বিশদ আকারে চোখে পড়ে ফ্লোরাল মোটিফের টেক্সার। ফ্লোরাল মোটিফ পোশাকে ভিন্ন শৈলী এনে দেয়। তবে অনেকটা স্ট্রেইট অথবা সিম্পল কাটের প্যাটার্নেই ভালো মানায় এই ধরনের টেক্সার। আর ভালো ডিজাইনে প্রয়োজন হয় কালার ম্যাচিং ও কনট্রাস্টের। ফুলের বাইরে পরিলক্ষিত হয় জ্যামিতিক নকশা। অথবা অলওভার অন্যকোনো প্রিন্ট। এসময়ের ফ্রক প্যাটার্ন অথবা ব্যাসিক প্যাটার্নের টপসে ব্যবহূত মূল কাপড় দুটি। তা হলো সুতি ও লিনেন। মেয়েদের এই ধরনের পোশাকের সঙ্গে মানানসই হয় চাপা প্যান্ট। অর্থাত্ এমন টাইট প্যাটার্নের প্যান্ট বা সালোয়ার। তা হতে পারে লেগিংস অথবা গ্যাবার্ডিন কাপড়ের চিনোস প্যান্ট। কিংবা ডেনিমের স্লিম ফিট কাটিং। তবে একটি জিনিস অবশ্যই মাথায় রাখা জরুরি। তা হলো, টপসের সঙ্গে প্যান্ট অবশ্যই মানিয়ে পরতে হবে। ট্রেন্ডে এখন এই দুইয়ের কনট্রাস্ট চলমান। মানে প্রিন্টেড টপসের সঙ্গে এক রঙের চাপা প্যান্ট মানানসই। তাও যতটা সাধারণ রঙের মধ্যে সেরে ফেলা যায়, তত ভালো। এই যেমন সাদা, কালো, ইনডিগো।

পোশাক ও ছবি সেইলর