আগন্তুকের জন্ম-সানাই
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ১৯:২০
মন্থনের আনন্দে, সমুদ্র শুধু নয়
বিশ্ব চরাচর চষে এসে
আমি দাঁড়িয়ে আছি বিন্দুর কাছাকাছি
সিন্ধুর সন্ধানে পলল এই জমিনে
লতিয়ে উঠেছে অকৃত্রিম অভিযান
জ্ঞানে-প্রজ্ঞানে যতদূর যাওয়া যায়
হেঁটে এসেছি ভুগোলের সীমান্ত রেখা মাড়িয়ে—
হঠাত্ ঝিলিক দিয়ে ওঠে আলো
আলোর অধিক এক সত্তা,
মন্থনের সহযাত্রী সামনে এসে দাঁড়ায়
একে একে উন্মোচিত করে যাবতীয় কলা
ধীরে অতি সাবধানে সরে যায় অন্ধকারের চাদর
আলোয় আলোয় ভরে ওঠে আমার ভিতর-বাহির
আলোময়ীর ইশরায়
স্পর্শের অধিকারে আমি এগিয়ে যাই
যেতে থাকি—মিশে যাই বিন্দুর বিন্দুতে
অবশেষে ষোলকলা পূর্ণ হলে
মহাসিন্ধু অথবা মহাকালের সন্ধান পেয়ে
আমরা উঠে দাঁড়াই,
অপেক্ষার একটি মধুর কাল পেরোলেই
বেজে ওঠে আগন্তুকের জন্ম-সানাই।