ঈদে স্বাদে আনন্দে

ফ্রুটস জর্দা

 

উপকরণ :বাসমতি বা পোলাওয়ের চাল ২ কাপ, চিনি ২ কাপ, ঘি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, কমলার রস আধা কাপ, মাওয়া আধা কাপ, এলাচ ও দারুচিনি ৩/৪টি করে, ড্রাই ফ্রুটস আধা কাপ, আঙুর ও আনার দানা পরিমাণমতো, অরেঞ্জ ফুড কালার কয়েক ফোঁটা করে।

 

প্রস্তুত প্রণালি :প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে ৬ কাপ পানি ও ২ টেবিল চামচ তেল নিয়ে ফোটান। চাল দিয়ে দিন এবং একটু শক্ত থাকতেই (৮০% সিদ্ধ হলে) নামিয়ে পানি ঝরিয়ে রাখুন। এখন প্যানে ঘি দিয়ে এলাচ দারুচিনি দিয়ে নাড়ুন। চিনি ও আধা কাপ পানি, এলাচ গুঁড়া ও কমলার রস দিয়ে দিন। চিনি গলে পানি একটু শুকিয়ে এলে চাল ও মাওয়া দিয়ে দিন। একটু নেড়েচেড়ে ফুড কালার দিয়ে নেড়ে ঢেকে দিন। একটু পর ড্রাই ফ্রুটস, আনার দানা ও আঙুর দিয়ে হালকা নেড়ে দমে রাখুন। ভাত সিদ্ধ হয়ে জর্দা হয়ে গেলে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা করে ফ্রেশ ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

মতি পোলাও

 

উপকরণ :পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, গরুর কিমা ২ কাপ, পেঁয়াজকুচি ১টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, পুদিনাবাটা ১ চা চামচ, ব্রেডক্রাম্ব ১/৪ কাপ, তেজপাতা ২টি, এলাচ ও দারুচিনি ৩-৪টি, তরল দুধ ১ কাপ, চিনি ও লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :প্রথমে একটি পাত্রে পেঁয়াজ, রসুন ও আদা বাটা, কাঁচামরিচ ও পুদিনা বাটা, লবণ (পরিমাণমতো), ব্রেডক্রাম্ব ও ডিম মিশিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে ডুবোতেলে ভেজে নিন। এবার পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে এতে ৩-৪টি এলাচ, দারুচিনি ও পেঁয়াজকুচি ভেজে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে নাড়তে হবে।

এরপর পরিমাণমতো লবণ দিয়ে আগে থেকে করে রাখা গরম পানি পরিমাণমতো দিয়ে দিন। পানি কমে এলে ১ কাপ তরল দুধ দিয়ে আস্তে করে নেড়ে দিতে হবে।

চাল আধা সিদ্ধ হলে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন। বাকি পোলাও ভাপেই হয়ে যাবে। এতে করে পোলাও ঝরঝরে হবে এবং দেখতে সুন্দর হবে। এবার আগে থেকে ভেজে রাখা মতিগুলো পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার মতি পোলাও।

 

মুরগির শাহি রোস্ট

 

উপকরণ :মুরগি দেড়টা ৬ পিস, আদা রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ ২টি করে, লবণ সামান্য, জর্দা রং কেওড়া জলে গুলানো ১ টেবিল চামচ, তেল আধা কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ (তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ ও কালো গোলমরিচ ২-৩টি করে), পেঁয়াজ বাটা ১/২ কাপ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, কাঠ বাদাম বাটা ১ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচ, বেরেস্তা আধা কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ পানিতে গুলানো ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৪/৫টি, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :হাঁড়িতে তেল গরম করে মুরগি হালকা বাদামি করে ভেজে নিন। সেই  তেলেই পেঁয়াজ ও গরম মসলা ভেজে সব মসলা ও বাদামবাটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এমনভাবে মসলা কষাবেন যেন মসলা থেকে তেল আলাদা হয়ে যায়। এখন গ্রেভির জন্য পরিমাণমতো পানি দিন, পানি ফুটে উঠলে ভাজা মুরগির পিসগুলো দিয়ে দিন। ঢেকে ১০ মিনিট রান্না করুন। এবার ফেটানো টক দই, বেরেস্তা,  টমেটো সস, মাওয়া, দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে আবার ১০ মিনিট রান্না করুন। এবার ঘি দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন। এবার কেওড়া জল মুরগির ওপরে ছড়িয়ে কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করুন। তেল উপরে উঠলে নামিয়ে নিন। গরম গরম রোস্ট পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

কুনাফা

 

উপকরণ :লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম, দুধ ১ কেজি, চিনি ৫ টেবিল চামচ, সিরার জন্য ১/৪  কাপ পানি+৩ টেবিল চামচ চিনি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, নারিকেল কোরানো আধা কাপ।

প্রস্তুত প্রণালি :প্রথমে প্যানে ঘি গরম করে সেমাই, ২ টেবিল চামচ চিনি, নারিকেল দিয়ে হালকা ভেজে তুলুন। এবার অন্য পাত্রে দুধ জাল দিয়ে শুকিয়ে অর্ধেক হলে কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলে দুধে দিয়ে নেড়ে ৩ টেবিল চামচ চিনি ও ভ্যানিলা দিয়ে নেড়েচেড়ে খিরসার মতো হলে নামিয়ে রাখতে হবে। এবার বেকিং পাত্রে ঘি মেখে তাতে প্রথমে অর্ধেক সেমাই হাত দিয়ে চেপে চেপে বসিয়ে মাঝে খিরসা দিয়ে সমান করে তার ওপরে আবার বাকি সেমাইয়ের লেয়ার দিয়ে সেট করে প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে ১৮০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করুন। এবার চুলায় সিরা বানিয়ে ঠাণ্ডা করে ওভেন থেকে কুনাফা বের করে বেকিং পাত্রে রেখেই গরম কুনাফার ওপর ঢেলে দিন। তারপর ঠাণ্ডা করে ফ্রিজে রেখে বের করে একটি প্লেটে উল্টিয়ে বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করুন দারুণ মজার কুনাফা।