ব্যাংকের এমডিদের বিদেশ যেতে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২০:৫০
এখন থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বিদেশ যাওয়ার ভ্রমনের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। কর্মস্থল ত্যাগের সাত দিন আগে এমডির অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করবেন তার নাম, পদবী, দাপ্তরিক ও ব্যক্তিগত ফোন নম্বর এবং ই-মেইল ঠািকানা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে জানাতে হবে। গত বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার জন্য প্রধান নির্বাহীর সার্বক্ষণিক দায়িত্বপালনের গুরুত্ব অপরিসীম। কিন্তু সমপ্রতি দেখা যাচ্ছে যে, কিছু ব্যাংকের প্রধান নির্বাহী দাপ্তরিক কাজে বা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। আবার বেশকিছু ব্যাংকের প্রধান নির্বাহী একযোগে দীর্ঘ সময়ের জন্য বিদেশ গিয়ে প্রশিক্ষণ গ্রহণ ও ব্যক্তিগত ছুটি কাটাচ্ছেন। এতে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকান্ডে গতিশীলতা হ্রাসের পাশাপাশি ব্যবস্থাপনাগত ঝুঁকি সৃষ্টি হচ্ছে, যা কোনভাবেই কাঙ্খিত নয়। এজন্য ব্যাংকের প্রধান নির্বাহীর কর্মস্থলের বাইরে দীর্ঘসময় অবস্থান যতদুর সম্ভব পরিহার করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।