ফরিদপুরে ইউরিয়া সার বৃষ্টিতে গলে জলাশয়ে
তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২১:৪৬
ফরিদপুর শহরের টেপাখোলার বিএডিসি গোডাউনের সামনে খোলা আকাশের নিচে প্রায় ১৫শ’ টন ইউরিয়া সার স্তূপ করে রেখেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডািস্ট্রজ কর্পোরেশন (বিসিআইসি)। বৃষ্টির পানিতে সেই সার গলে এলাকায় তীব্র গন্ধের সৃষ্টি করছে। আর সার গলা পানি জলাশয়ে গিয়ে মারা পড়ছে মাছ ও গবাদি পশু।
ইউরিয়া সার পানিতে গলে এমোনিয়া গ্যাসের সৃষ্টি করে যা মানবদেহসহ জীবজন্তুর জন্য ক্ষতিকর। এমোনিয়া মিশ্রিত পানি মানুষ পান করলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিসিআইসি সূত্র জানিয়েছে, বিএডিসির ৩টি সার গোডাউনের দুইটি গোডাউন ভাড়া নেয়া তাদের। ওই দুইটি গোডাউনে মজুদ আছে ৯ হাজার টন ইউরিয়া সার। তার মধ্যে প্রায় ১৫শ’ টন সার আছে খোলা আকাশের নিচে। গত কয়েকদিনের বৃষ্টিতে ঐ সার গলে গিয়ে এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বৃষ্টির পানিতে স্তূপ করে রাখা সারের নিচের দুই-তিন স্তর গলে গেছে। সেই সার গলা পানি গিয়ে পড়ছে আশপাশের জলাশয় ও পুকুরে। পুকুরের সব মাছ মরে যাচ্ছে। ঐসব পুকুরের পানি ও গোডাউনের আশপাশের পানি পান করে এ পর্যন্ত ৫টি গবাদী পশু মারা গেছে।
বিএডিসি’র উপ-সহকারী পরিচালক (সার) মাহাবুব আলম বলেন, আমাদের কোনো সার উন্মুক্ত অবস্থায় নেই। উন্মুক্ত অবস্থায় যে সার আছে তা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর। বিসিআইসি-এর ফরিদপুর বাফার গোডাউনের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বিজয় কুমার বোস জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই সার খোলা জায়গায় রাখা হয়েছে। তিনি আরো জানান, এখানে যে গোডাউন রয়েছে তার সবগুলোতেই ধারণক্ষমতার বেশি সার রাখা আছে।