ভালুকায় হিন্দু পরিবারের ৪ সদস্যকে অপহরণ করে জমি রেজিস্ট্রির চেষ্টা
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২১:৪৭
ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে বুধবার রাতে এক হিন্দু পরিবারের শিশুসহ চার সদস্যকে অপহরণ ও জিম্মি করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি রেজিস্ট্রি করে নেয়ার চেষ্টা চালায় একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে পুলিশ অপহূতদের উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে কিছু স্ট্যাম্প ও থামবই জব্দ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
পুলিশ ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মামারিশপুর গ্রামের মৃত মোহনবাসীর স্ত্রী বিমলা রানী ধামশুর মৌজার ২৪৮ নম্বর দাগে তার দুই মেয়ে মুঞ্জুরী রানী ও উর্মিলা রানীসহ অপরাপর সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। আশপাশে শিল্প কারখানা গড়ে উঠায় এবং জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির চোখ পড়ে ঐ জমির উপর। সম্প্রতি ঐ জমির উপর একটি কোম্পানির সাইনবোর্ড ও একটি টিনের চালাঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালানো হয়। বুধবার রাতে ঐ ব্যক্তির নেতৃত্বে জমির মালিক বিমলা রানী, মেয়ে মুঞ্জুরী রানী ও তিন বছরের পুত্র সন্তান অঞ্জনসহ উর্মিলা রানীকে অপরহরণ করে প্রভাবশালী ব্যক্তির বাড়িতে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে স্ট্যাম্পে স্বাক্ষর ও থামবইয়ে টিপসহি নিয়ে তাদের বাড়ির কাছে রেখে যায়। এ ঘটনা জানাজানির পর পুলিশ দুই ঘন্টা পর অপহূতদের বাড়ির কাছে রাস্তা থেকে তাদের উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেন অভিযান চালিয়ে কিছু স্ট্যাম্প ও থামবই জব্দ করে।
এ ঘটনায় মুঞ্জুরী রানী বাদি হয়ে আমান উল্যাহ খান মাখন, মোহন খান, তানভীর খান ও দলিল লেখক রাজিবসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি অপহরণ এবং সাবরেজিস্ট্রি অফিসের পিয়ন কাইছার বাদি হয়ে আমান উল্যাহ খান মাখন ও রাজিবসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় অপর একটি মামলা করেন।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় একটি অপহরণ ও জোরপূর্বক দলিলে টিপসহি নেয়ার বিষয়ে অপর একটি মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।