ছন্দ ধরে রাখার বিকল্প নেই: সাবেলা
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২২:৪০
নিজেদের প্রকৃত ছন্দ খুঁজে পেতে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচই যথেষ্ট বলে আশা করছেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। রড্রিগো প্যালাসিও, জাভিয়ের মাচেরানো এবং ম্যাক্সি রড্রিগুয়েজের দেয়া গোলে বুধবার প্রথম অনুশীলন ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে পরাজিত করে ত্রিনিদাদ ও টোবাগোকে হারানোর পর সাবেলা বলেন বিশ্বকাপের মতো বড় আসরে সাফল্য পেতে নিজেদের আসল খেলাটা মাঠে অনুবাদের কোন বিকল্প নেই।
এফ-গ্রুপে বসনিয়া-হারজেগোভিনা, নাইজেরিয়া এবং ইরানের বিপক্ষে ম্যাচের আগে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট সাবেলা বলেন, বিশ্বকাপের আগে দল নিয়ে সমন্বিতভাবে কাজ করার সুযোগ পাওয়াটাই ছিল তার জন্য সবচেয়ে বড় কিছু। একসাথে কাজ করতে পারলে প্রকৃত ছন্দ খুঁজে পেতে মেসি-ম্যাচেরানো-ডি মারিয়াদের খুব বেশি সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এই দুই ম্যাচ দিয়েই আমাদের ছন্দ ফিরে পেতে হবে। আমার দলের সবাই বড় মাপের খেলোয়াড়।’
বিশ্বকাপের মতো বড় আসরে দলীয় সমঝোতার কোন বিকল্প নেই জানিয়ে এই কোচ আরো বলেন, ক্লাবের ব্যস্ত সূচির ফাঁকে জাতীয় দলের খেলোয়াড়দের একসাথে দলে পাওয়াটাই একজন কোচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘(কিন্তু) মাসে হয়তো তারা মাত্র একবার দলগতভাবে খেলার সুযোগ পায়। আবার কখনো দুই মাসে একবার কিংবা প্রতি ছয় মাসে একবার একত্রে খেলার সুযোগ পায়। সুতরাং খেলোয়াড়দের একত্রিত করে খেলানো, খেলার চৌকস ধারা অব্যাহত রাখা, একে অপরকে বুঝতে পারা এবং প্রতি ম্যাচেই আরো ভাল খেলার ধারা অব্যাহতের বিষয়টি সব সময়ই আমাদের কাছে একটা বড় বিষয়।’
জয়ের ব্যবধান নয় বরং খেলোয়াড়দের দলীয় সমঝোতাই এই ম্যাচে তার দৃষ্টি কেড়েছে জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এমন অবস্থা ফুটবলে ঘটে থাকে। আপনি ইতিবাচক দিক থেকে বিচার করলে এ ম্যাচটি আমাদের জন্য সহায়ক হয়েছে। কারণ এ ম্যাচে খেলোয়াড়রা দলগতভাবে খেলার সুযোগ পেয়েছে, একে অপরকে ভালভাবে বুঝতে পেরেছে এবং বিশ্বকাপে যাওয়ার আগে ছন্দ ফিরে পেয়েছে।’
এদিকে বিশ্বকাপ মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকালই স্লোভেনিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আর বসনিয়ার বিরুদ্ধে ১৬ জুনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের ২৮ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘোচানোর মিশন।