ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিং

ইতালি, ইংল্যান্ড ও উরুগুয়ে আসলেই ‘মৃত্যুকূপে’

ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ড যে এবারের বিশ্বকাপে শক্তিশালী গ্রুপে পড়েছে তা আরো একবার জানান দিল ফিফার সর্বশেষ প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিং। কেন না র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের অন্যতম এ তিনটি দলই খেলছে ‘ডি’ গ্রুপে। ব্রাজিল বিশ্বকাপে ৩২টি দলকে নিয়ে গড়া আট গ্রুপের প্রাথমিক পর্বে কোনটিতেই একসাথে শীর্ষ দশের দুটি দল পড়েনি। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এক ধাপ গড়িয়ে গিয়ে আছে সাত নম্বরে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আগের অবস্থান নিয়েই আছে। অপরদিকে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ উপরে এসে শীর্ষ দশে ঢুকেছে। গ্রুপটির চতুর্থ দল কোস্টারিকা ছয় ধাপ উপরে উঠে এসে ঠাঁই পেয়েছে ২৮ নম্বরে। র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও তাদের পেছনেই থাকা জার্মানির অবস্থান অপরিবর্তিত আছে। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের টপ ফেভারিট। ব্রাজিল স্বাগতিক বলে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হয়নি। সেজন্য মাঝে তাদের র্যাংকিং কমে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রস্তুতি ম্যাচগুলোতে জয়ের সুবাদে দলটি ক্রমোন্নতির ধারায় থেকে সর্বশেষ র্যাঙ্কিংয়ে উঠে এসেছে তিন নম্বরে। আর্জেন্টিনা যারা কিনা ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল, আছে পাঁচ নম্বরে। বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে আছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে চতুর্থস্থানে। ফিফার র্যাংকিং অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল অস্ট্রেলিয়া। সকারুজরা রয়েছে ৬২ নম্বরে। বিশ্বকাপের আট গ্রুপের বিশ্ব র্যাংকিং (বন্ধনীতে) গ্রুপ ‘এ’: ব্রাজিল (৩), ক্যামেরুন (৫৬), ক্রোয়েশিয়া (১৮) ও মেক্সিকো (২০)। গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া (৬২), চিলি (১৪), নেদারল্যান্ডস (১৫) ও স্পেন (১)। গ্রুপ ‘সি’: কলম্বিয়া (৮), গ্রীস (১২), আইভরি কোস্ট (২৩) ও জাপান (৪৬)। গ্রুপ ‘ডি’: কোস্টারিকা (২৮), ইংল্যান্ড (১০), ইতালি (৯) ও উরুগুয়ে (৭)। গ্রুপ ‘ই’: ইকুয়েডর (২৬), ফ্রান্স (১৭), হন্ডুরাস (৩৩) ও সুইজারল্যান্ড (৬)। গ্রুপ ‘এফ’: আর্জেন্টিনা (৫), বসনিয়া-হার্জেগোবিনা (২১), ইরান (৪৩) ও নাইজেরিয়া (৪৪)। গ্রুপ ‘জি’: জার্মানি (২), ঘানা (৩৭), পর্তুগাল (৪) ও যুক্তরাষ্ট্র (১৩)। গ্রুপ ‘এইচ’: আলজেরিয়া (২২), বেলজিয়াম (১১), রাশিয়া (১৯) ও দক্ষিণ কোরিয়া (৫৭)।