যেকোনো পজিশনেই খেলতে রাজি রুনি
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২২:৪১
বুধবার ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ একটি গোল করেছেন ওয়েইন রুনি। কিন্তু ম্যাচটিতে চেনা পজিশন লেফট-উইংয়ে দেখা যায়নি ইংল্যান্ডের এই স্ট্রাইকারকে। খেলেছেন মিডফিল্ডে। রুনি বলেছেন, ‘লেফট উইং, রাইট উইং, মিডফিল্ড অথবা আক্রমণভাগ যে পজিশনই হোক জাতীয় দলের হয়ে খেলাটা আমি অনেক পছন্দ করি। ইংল্যান্ডের হয়ে খেলতে পারায় আমি সবসময় গর্ববোধ করি।’
জাতীয় দলের হয়ে ৯১ টি আন্তর্জাতিক ম্যাচে ৪০ টি গোল করেছেন রুনি। কিন্তু বিশ্বকাপে এ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে মোটটি আটটি ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।
ইনজুরির কারণে ক্লাব ম্যানইউ’র হয়েও মৌসুমের শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি রুনি। তাই বিশ্বকাপের আগে তাকে দিয়ে ঝুঁকিও নিচ্ছেন না ইংল্যান্ডের কোচ রয় হজসন। পেরু এবং ইকুয়েডরের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচে রুনিকে পরিবর্তীত খেলোয়াড় হিসেবে নামিয়েছেন তিনি।
বিশ্বকাপের জন্য সমৃদ্ধ আক্রমণভাগ গড়েছে ইংল্যান্ড। আক্রমণ আগে আছেন ড্যানিয়েল স্টারিজ, রিকি ল্যাম্বার্ট, ড্যানিয়েল ওয়েলব্যাক, রাহিম স্টিরলিং এবং ওয়েন রুনি। এমন অবস্থায় দলের কেউই নিজের জায়গা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না বলে জানালেন রুনি, ‘দলের কেউ শুরুর একাদশে জায়গা নিশ্চিত করে ফেলেছে বলে আমি মনে করি না। দল নির্বাচন করা কোচের দায়িত্ব। আমাকে কোথায় খেলানো হবে এটাও তিনিই দেখবেন। আমাদের দলটি বেশ ভাল। তাই কোচ কঠিন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন।’
ইংল্যান্ড শনিবার মিয়ামিতে শেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে। ম্যাচটি খেলেই ব্রাজিলের উদ্দেশ্যে পাড়ি জমাবে তারা। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের হয়ে খেলবে রয় হডসনের শীষ্যরা। ১৪ জুন গ্রুপের প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে তারা।