পৃথক অনুশীলনে রোনালদো
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২২:৪১
উরু এবং গোড়ালির চোটে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো গতকালও পর্তুগালের মূল দলের সাথে অনুশীলন করতে পারেননি। ফলে জার্মানির বিরুদ্ধে গ্রুপপর্বের প্রথম ম্যাচে এই সুপারস্টারের খেলা নিয়ে শঙ্কা রয়েই গেল।
দিন কয়েক আগেই পর্তুগাল দলে রোনালদোর নির্ভরশীলতা নিয়ে কথা বলা পাওলো বেন্তো গতকালও ফিরে পাননি তার মূল অস্ত্রকে। বাম পায়ের হাঁটুর ইনজুরি থেকে এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। যে কারণে পুরো দলের সঙ্গে না করে আবারো পৃথকভাবে অনুশীলন করেছেন দলের এ তারকা খেলোয়াড়। রোনালদোর মতো একই পথে হেঁটেছেন দলের অন্য দুই তারকা রাউল মিরেলেস এবং পেপেও।
পর্তুগীজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক বিবৃতিতে জানায়, দলের অন্যতম সেরা মিডফিল্ডার রাউল এবং ডিফেন্ডার পেপে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশেষ অনুশীলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, ‘ইনজুরির কারণে মেডিকেল টিমের অধীনে মাঠে বিশেষ অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রাউল মিরেলেস। পেপের চিকিত্সা চলছে এবং হোটেলে বিশেষ অনুশীলন করছেন।’ লিওনেল মেসির আধিপত্য ভেঙ্গে এ বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রোনালদো দুটি চোটে ভুগলেও উরুর সমস্যাটিই তাকে বেশি ভোগাচ্ছে বলে জানিয়েছে পর্তুগালের চিকিত্সক দল। মিরেলেসের সমস্যা বাম উরুতে। আর ডান পায়ের পেশী সমস্যায় ভুগছেন সেন্ট্রাল ডিফেন্ডার পেপে। পর্তুগাল দল বর্তমানে নিউইয়র্কে অনুশীলন করছে এবং আগামীকাল বোস্টনে মেক্সিকোর বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে। সালভাদরে ১৬ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্ব কাপ মিশন শুরু করবে পর্তুগাল। বাসস