আর বাকি ৬ দিন

স্পেন হট ফেভারিট নয় :পিকে

বর্তমান চ্যাম্পিয়ন, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান কিংবা টানা দুইটি ইউরোপিয়ান চ্যাম্পিয়শীপের শিরোপা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে স্পেনকে শিরোপার প্রধান দাবিদার হিসাবে মানতে নারাজ দলের অন্যতম সদস্য জেরার্ড পিকে। স্পেনের চাইতে বরং ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানিকেই শিরোপা দৌড়ে এগিয়ে রাখছেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পে রয়েছে স্প্যানিশরা। সোমবার থেকেই সেখানে তাঁবু ফেলেছে ইকার ক্যাসিয়াস বাহিনী। অনুশীলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে পিকে বলেন, ‘এবারের আসরে আমরা সুস্পষ্ট ফেভারিট নই। বিশ্বকাপ জয়ের প্রকৃত দাবিদার আর্জেন্টিনা, জার্মানি এবং স্বাগতিক ব্রাজিল।’ এক্ষেত্রে ইতালির উদাহরণ টেনে এই বার্সেলোনা ডিফেন্ডার বলেন, ‘আজ্জুরিরা জার্মানি বিশ্বকাপে সাফল্যের পরে কিভাবে ২০১০ আসরে ভেঙ্গে পড়েছিল সেই উদাহরণ আমাদের চোখের সামনেই আছে। বিশ্বকাপে যেকোন কিছুই সম্ভব। তবে ২০১০ থেকে ২০১৪ সালে একটিমাত্র পার্থক্য হলো- বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অন্য দলগুলো কিছুটা হলেও আমাদের শ্রদ্ধা করছে।’ এদিকে, এপ্রিলের শুরু থেকে কোমরের ইনজুরির কারণে সাইডলাইনে রয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। কাতালানদের হয়ে মৌসুমের শেষ দিকে মাঠে খানিকটা অনিয়মিত হয়ে পড়া পিকের স্পেনের প্রথম একাদশে জায়গাও পুরোপুরি নিশ্চিত নয় এখনো। অবশ্য আগামীকাল এল সালভাদারের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ অনুশীলন ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পিকে। এরপরপরই স্পেন ব্রাজিলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে গ্রুপ-বি থেকে স্পেন চিলি, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের মুখোমুখি হবে। ১৩ জুন ডাচদের বিপক্ষে স্পেন তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। -ওয়েবসাইট