ঘাটতি পূরণে ৩১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:১১
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ঘাটতি পূরণ করতে ব্যাংকিং খাত থেকে ৩১ হাজার ২২১ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে এ ঋণ নেয়ার কথা জানান।
আগামী অর্থ বছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এর মধ্যে বাজেট ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ। ঘাটতির মধ্যে জিডিপির সাড়ে ৩ শতাংশ বা ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা অভ্যন্তরীণ উত্স থেকে আসবে। আর ২৪ হাজার ২৭৫ কোটি বা ১ দশমিক ৬ শতাংশ বৈদেশিক উত্স থেকে মেটানোর প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উেসর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে আড়াই শতাংশ বা ৩১ হাজার ২২১ কোটি টাকা আসবে। বাকি ১২ হাজার ৫৬ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রিসহ অন্যান্য খাত থেকে সংস্থান হবে।
এবার ব্যাংক থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের (২০১৩-১৪) প্রস্তাবিত বাজেটের তুলনায় ৫ হাজার ২২৮ কোটি এবং সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ২৩৯ কোটি টাকা বেশি। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে সরকার ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উত্স থেকে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৪০ হাজার ৯৮২ কোটি টাকা করা হয়।