করমুক্ত আয়সীমা আগের মতোই
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:১৪
প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকাই স্থির রয়েছে। তবে নারী, বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা বাড়ছে। ফলে এই চার শ্রেণীর করদাতাদের বাইরে বাকি বিশাল সংখ্যক করদাতার করমুক্ত আয়সীমা বাড়ছে না।
এছাড়া নতুন প্রস্তাব অনুযায়ী ৪৪ লাখ ২০ হাজার টাকার বেশি আয় করেন এমন করদাতাদের বাড়তি হারে কর দিতে হবে। অর্থাত্ এই শ্রেণীর করদাতারা এতদিন ২৫ শতাংশ হারে আয়কর দিলেও এখন ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। সমপদের সুষম বন্টনের লক্ষ্যে এই কর কাঠামোর প্রস্তাব দেয়া হয়েছে বলে গতকাল বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, নারী ও ৬৫ বছর বয়সোর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়সীমা বিদ্যমান ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা, প্রতিবন্ধী করদাতাদের তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিদ্যমান ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হবে।
এছাড়া ২ লাখ ২০ হাজার পরবর্তী (করমুক্ত আয় সুবিধা না পাওয়ায়) ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ১০ শতাংশ হারে কর দিতে হবে। ৪ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫ শতাংশ, ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ, পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ২৫ শতাংশ হারে কর দিতে হবে। এর পরবর্তী আয়ের জন্য অর্থাত্ ৪৪ লাখ ২০ হাজার টাকার বেশি আয়ের উপর নতুন ৩০ শতাংশ হারে কর দিতে হবে।
এছাড়া আয়কর বিবরণী দাখিলকালে ন্যূনতম কর দেয়ার বিদ্যমান হারে পরিবর্তন আনা হয় নি। অর্থাত্ সিটি কর্পোরেশন, জেলা সদর ও পৌরসভায় ন্যূনতম কর হার যথাক্রমে তিন হাজার, দুই হাজার ও এক হাজার টাকা অপরিবর্তিত রয়েছে।