বাজেটের টুকিটাকি
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:১৫
চলতি অর্থ বছরেই নতুন বেতন কাঠামো
চলতি অর্থ বছরেই দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন ও চাকরি কমিশন গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কমিশন তাদের প্রতিবেদন সরকারের নিকট দাখিল করবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি অর্থ বছর থেকেই নতুন বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংকের স্বতন্ত্র বেতন-ভাতা প্রবর্তনের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
হাওর ও চর এলাকার জন্য থোক বরাদ্দ
হাওর এলাকার সমস্যা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নিয়মিত প্রকল্পের বাইরে ৫০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া চর অঞ্চলের জন্যও ৫০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে চরাঞ্চল শুধু উপকূলীয় এলাকায় নয় দেশের অভ্যন্তরেও অনেক আছে। চরাঞ্চলে চাষবাস শুরু হওয়ার পর তাদের প্রধান সমস্যা হয় যোগাযোগের অভাবে উত্পাদিত পণ্যের বাজারজাতকরণ। তাই এলাকার জন্য থোক বরাদ্দ দেয়া হয়েছে।
মূল্যস্ফীতির নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি
বাজেটে মূল্যস্ফীতির হার কমার আশা প্রকাশ করলেও নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। মূল্যস্ফীতি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের এপ্রিলশেষে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২ শতাংশ। ২০১৪ সালের জুন নাগাদ সাধারণ মূল্যস্ফীতি ৭ শতাংশের কাছাকাছি আসবে। একইসঙ্গে আগামী অর্থ বছরশেষে মূল্যস্ফীতি আরো কমবে। চলতি অর্থ বছরের (২০১৩-১৪) বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ৭ শতাংশ।
শিশু উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
২০১৪-১৫ অর্থ বছরে শিশুদের উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি ২০১৬ অর্থ বছর থেকে স্বতন্ত্র পরীক্ষামূলক শিশু বাজেট উপস্থাপন করা হবে বলেও ঘোষণা দেন বাজেট বক্তৃতায়। শিশু-কিশোরদের পুষ্টি চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শিক্ষা, ক্রীড়া, বিনোদন ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়বে। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসরণে হালনাগাদ করবে জাতীয় শিশুনীতি। পোশাক শিল্পসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অপ্রাতিষ্ঠানিক খাতে ক্রমান্বয়ে শিশুশ্রম নিষিদ্ধ করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। শিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে নেয়া হবে যথাযথ উদ্যোগ।
পিপিপি বিষয়ক আইন শিগগিরই
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে ৩৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ৩৩টি প্রকল্পে পরামর্শক নিযুক্ত হয়েছেন। অচিরেই সংসদে পিপিপি বিষয়ক আইন সংসদে উপস্থাপন করা হবে।