বাড়ি ভাড়া ২৫ হাজারের বেশি হলে ব্যাংকে জমা

এখন থেকে বাড়ি ভাড়া বাবদ মোট আয় ২৫ হাজার টাকার বেশি হলেই ওই টাকা ব্যাংকে জমা দিতে হবে। কেবলমাত্র এই টাকা লেনদেন করার জন্য বাড়ির মালিকের ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক করা হচ্ছে। এই পদ্ধতি অনুসরণ না করা হলে তাদের উপর জরিমানা আরোপ করা হবে। গৃহসম্পত্তি খাতে আয় বাবদ রাজস্ব সরকারের ঘরে আনার লক্ষ্যে নতুন এই ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গতকাল ইত্তেফাককে তিনি বলেন, এই শ্রেণির বাড়িওয়ালাদের বাড়িভাড়া বাবদ প্রাপ্ত অর্থ লেনদেনের জন্য ব্যাংকে আলাদা একটি হিসাব (ডেডিকেটেড অ্যাকাউন্ট) থাকতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকও সার্বিক সহায়তা করার বিষয়ে সম্মত হয়েছে বলে তিনি জানান। এছাড়া ব্যবসায়ে আয় রয়েছে এমন করদাতাদের বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।