দুর্বৃত্তদের গুলিতে চাটমোহরে ইউপি সদস্যের মৃত্যু

জেলার চাটমোহরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গত বুধবার রাত ২টার দিকে তাকে গুলি করা হয়। নিহত ফারুক হোসেন ফৈলজানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় ফৈলজানা ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। নিহতের ভাই বাদী হয়ে এ ঘটনায় মামলা করছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নেংড়ি গ্রামের হাজী খলিলুর রহমান মাস্টারের ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন প্রতিদিনের মতো গত বুধবার রাতে নিজ ঘরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে ঘরের জানালা দিয়ে ফারুককে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীর চিত্কারে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফৈলজানা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান আলী এবং নেংড়ি গ্রামের আমিরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি সুব্রত কুমার বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না কি কারণে ফারুককে গুলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন, এএসপি (ঈশ্বরদী সার্কেল) শাহ নূর আলম প্রমুখ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।