সোমবার সারাদেশে ১৯ দলের বিক্ষোভ

দেশে অব্যাহত গুম-খুনের প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। রুহুল কবির রিজভী বলেন, তথ্যমন্ত্রী নিজের পদ ধরে রাখতেই উস্কানি ও প্ররোচণামূলক বক্তব্য দিচ্ছেন। গত বুধবার খালেদা জিয়াকে ‘জঙ্গিবাদের মাতা’ আখ্যা দিয়ে মিডিয়ায় এ নামে খালেদা জিয়াকে সম্বোধন করার আহ্বান জানিয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, তিনি (ইনু) দেশের তথ্যমন্ত্রী নন, শেখ হাসিনার তথ্যমন্ত্রী। তিনি সারাদেশের মিডিয়াকে নিজের সম্পত্তি মনে করছেন বলে এমন অনৈতিক আহ্বান করেছেন। সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।