মামলা নিতে আদালতে আদেশের কপি থানায় পৌঁছেনি
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:২২
র্যাব সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণে আদালতের আদেশের কপি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌঁছেনি নবীনগর থানায়। বাদী পক্ষের প্রধান আইনজীবী খায়রুল আনাম বলেছেন, আমরা বিশেষ ব্যবস্থায় মামলার কপি থানায় পাঠিয়েছি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা সাংবাদিকদের জানান, তিনি জেলায় পুলিশের কনফারেন্সে আসায় কিছুই বলতে পরছেন না।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জুডিশিয়াল আদালত র্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এ, জেড, এম সাকিব সিদ্দিক ও ৮ র্যাব সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশে ঘটনার তদন্ত করারও নির্দেশ দেন নবীনগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
এদিকে, গতকাল বৃহস্পতিবার জনস্বার্থে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে আমলী আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। অন্যদিকে, নিহতের ভাই ও মামলার বাদী মেহেদী হাসান জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এরপরই মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।