সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার করেছে মিয়ানমার
আহমদ গিয়াস, কক্সবাজার প্রতিনিধি, আবদুর রহমান, টেকনাফ সংবাদদাতা ও নূরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:২৩
মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মধ্যকার সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিহত বিজিবির কর্পোরাল মিজানুর রহমানের এসএমজি ও গোলাবারুদ বাংলাদেশকে ফেরত দিয়েছে মিয়ানমার। সে সাথে সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখারও অঙ্গীকার করেছে তারা।
বৃহস্পতিবার মংডুতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা) বৈঠক শুরু হয় এবং বেলা দুইটায় শেষ হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ২৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান এবং মিয়ানমারের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ মংডুর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল থিং কু কু।
বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশ পক্ষ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির টহল দলের উস্কানিমূলক হামলা, বিজিবি সদস্য হত্যা ও লাশ ফেরত দেয়া নিয়ে নানা জটিলতা সৃষ্টির বিষয় তুলে ধরা হয়। তারা বিজিবিকে বলেছে, সীমান্তবর্তী এলাকায় কথিত আরএসও বাহিনীর আস্তানা গড়ে ওঠেছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন বান্দরবানের সেক্টর কমান্ডার একেএম সাইফুল ইসলামসহ মিয়ানমার সীমান্তের ৫টি ব্যাটালিয়নের অধিনায়ক ও কর্মকর্তারা।