বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলায় ৪ কর্মচারী আহত
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:৩৬
শিক্ষক শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার এক দিন না পেরোতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালিয়ে সহকারী রেজিস্ট্রারসহ ৪ কর্মচারীকে আহত করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা মোঃ মনিরুল ইসলাম জানান, কতিপয় ছাত্র অতর্কিত হামলা চালিয়ে সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সেকশন অফিসার নুসরাত জাহান, খান সানজিদা সুলতানা এবং কম্পিউটার অপারেটর সাইফুল আলমকে আহত করে। এসময় ভাংচুর করে অফিস কক্ষের আসবাবপত্র। ঘটনার পরই কর্মকর্তা কর্মচারীরা উপাচার্যের সাথে দেখা করে হামলায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবি করেন। তিনি আরো জানান, বিচার না হওয়া পর্যন্ত কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হবেন বটে তবে কোন কাজ করবেন না ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ খান জানান, এ বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ২৪ ঘন্টার মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দিলে জানা যাবে ঘটনার নেপথ্যের কারণ। বিএমপি’র উপ-পুলিশ কমিশনার গোলাম রউফ খান জানান, হামলার বিষয়টি জানতে পেরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত।