মজা করতে গিয়ে
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২০:০০
অন্যকে বোকা বানানোর জন্য বন্ধুরা মিলে কত মজার কাজই না করেন। তবে কখনো কখনো যে এ ধরনের নির্দোষ ঠাট্টা বা বিনোদনও নিজের জন্য বিপদ বয়ে আনতে পারে সেটা সম্প্রতি ভালোভাবেই টের পেয়েছেন স্কটল্যান্ডের এডিনবার্গ শহরের এক গ্যারেজ মালিক। প্রায় বছর খানেক আগে গুগলের স্ট্রিট ভিউ কার দেখে ড্যান থম্পসন নামের ওই ব্যক্তি অনেকটা মজা করেই তার বন্ধুকে হত্যা করার একটি দৃশ্যের অবতারণা করেছিলেন। সাধারণত গুগল স্ট্রিট ভিউ এর স্বয়ংক্রিয় গাড়িগুলো একটি এলাকার বা রাস্তার যে চিত্র ধারণ করে সেটিই পরে দেখা যায় তাদের স্ট্রিট ভিউ অ্যাপ্লিকেশনে। আর ঘটনার দিন গুগলের এমন একটি গাড়িকে রাস্তার পাশ দিয়ে যেতে দেখে চট করেই একখানা দুষ্টু বুদ্ধি খেলে যায় ৫৬ বছর বয়সী ড্যান থম্পসনের মাথায়। নিজের এলাকা সম্পর্কে ভালো জ্ঞান রাখা থম্পসন বেশ ভালো করেই জানতেন যে স্ট্রিট ভিউ এর এই গাড়িটিকে তার এলাকা থেকে বেরিয়ে যেতে হলে এক মিনিট পর তার দাঁড়িয়ে থাকা রাস্তার ওপর দিয়েই আবার যেতে হবে। আর তাই এই এক মিনিটের মধ্যেই সবাইকে বোকা বানানোর দারুণ একটা ফন্দি আঁটেন তিনি। তাকে সাহায্য করার জন্য একজন বন্ধুকে ডেকে এনে রাস্তার ওপর শুয়ে পড়তে বলেন। আর নিজেও এক দৌড়ে গ্যারেজ থেকে একটি কাঠ কাটার কুড়াল নিয়ে আসেন। এরপর গাড়িটিকে কাছে আসতে দেখা মাত্রই কুড়াল তুলে বন্ধুকে আঘাত করার অভিনয় করেন তিনি। বলা বাহুল্য, স্বয়ংক্রিয় ক্যামেরায় এই দৃশ্যটিই ধারণ করা হয়ে যায়। তবে বিষয়টির স্পর্শকাতরতার কথা আন্দাজ করতে পেরেই গুগল কর্তৃপক্ষ এই দৃশ্যটি তাদের অ্যাপ্লিকেশন থেকে বাদ দেয়। ফলে একটা সময় পর বিষয়টার কথা বেমালুম ভুলেও যান ড্যান। তবে গোল বাধে কিছুদিন আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি ওয়েবসাইটে এই ভিডিওটি দেখে পুলিশকে বিষয়টি জানানোর পর। বিষয়টি জানা এবং ভিডিওটি দেখার পর সাথে সাথেই পুলিশ হানা দেয় ড্যানের গ্যারেজে। নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তারের উদ্যোগও নেয় পুলিশ। শেষ পর্যন্ত নিজের সেই বন্ধুটিকে হাজির করে এবং অনেক কষ্ট করে পুরো বিষয়টির ব্যাখ্যা ও মুচলেকা দিয়ে তবেই ছাড়া পান ড্যান।