রাজশাহীতে রমজান সামনে রেখে সক্রিয় অসাধু সিন্ডিকেট

পবিত্র রমজানের আর মাত্র তিন সপ্তাহ। এরই মধ্যে রাজশাহীতে সক্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। এই চক্র এখনই বাজারে চিনি, ছোলা, ডাল ও পিঁয়াজ মজুদ করে চড়া দামে বিক্রি শুরু করছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে অন্তত ৩ থেকে ১০ টাকা পর্যন্ত। দীর্ঘদিন পর চিনির দাম বেড়েছে কেজিতে প্রায় ৮ টাকা। এদিকে আকস্মিকভাবে নিত্যপণ্যের বাড়তি দামে বিস্ময় প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, চাহিদা বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ছে। তবে চালসহ কাঁচা সবজির দাম স্থিতিশীল রয়েছে। আর তেলের দাম কিছুটা কমেছে বলে জানা গেছে।