কুড়িগ্রাম-ঢাকা রুটে হঠাত্ বাস চলাচল বন্ধ

কুড়িগ্রাম-ঢাকা রুটে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল শুক্রবার আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকার পরিবহন মালিকদের সাথে দ্বন্দ্বের কারণে শুক্রবার সকাল থেকে কুড়িগ্রাম-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুড়িগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। শুক্রবার সকাল থেকে ঢাকাগামী কোন বাস কুড়িগ্রাম ছেড়ে যায়নি। জানা যায়, কুড়িগ্রাম-সিরাজগঞ্জ-চান্দাইকোনা রুটে চান্দাইকোনা এলাকার মালিকদের বাস নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি চলাচল করছে এই অভিযোগে কুড়িগ্রামের মালিকরা এতে বাধা দেয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ফাহমিদা হক চেয়ার কোচের একটি নৈশকোচ ভাংচুর এবং ড্রাইভারসহ শ্রমিকদের মারধর করে চান্দাইকোনা এলাকার শ্রমিকরা। এ ঘটনার পর রাত থেকেই কুড়িগ্রামের গাড়ি চান্দাইকোনা এলাকা দিয়ে চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীরা। শুক্রবার সকালে ঢাকাগামী যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যায় বাস বন্ধ থাকায়। কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান বকসী জানান, হামলা-ভাংচুরের ঘটনায় ঐ এলাকা দিয়ে কুড়িগ্রামের গাড়ি চলাচলে নিরাপত্তাহীনতার কারণে কুড়িগ্রাম-ঢাকা রুটে সকল দিবা-নৈশ কোচ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।