বার্গডালের শহরে কোন অনুষ্ঠান হচ্ছে না
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২০:৪৭
মার্কিন সৈন্য বোয়ি বার্গডালের মুক্তির আনন্দে তার শহর হেইলিতে তাকে স্বাগত জানাতে শহরবাসী প্রস্তুতি নিলেও কর্তৃপক্ষ এ ধরনের কোন অনুষ্ঠান করতে নিষেধ করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হবে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে কোন ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে না।
গুয়ান্তানামো বে’র মার্কিন বন্দিশিবিরে বন্দি ৫ শীর্ষ তালেবান নেতাকে মুক্ত করার বিনিময়ে বার্গডালকে মুক্তি দেয় তালেবান। মুক্তির পর তাকে জার্মানির একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে কবে তাকে যুক্তরাষ্ট্রে আনা হবে তা জানানো হয়নি। বন্দি বিনিময়ের ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। রিপাবলিকানরা বন্দি বিনিময়ের সমালোচনা করেছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বন্দি সেনাকে মুক্ত করার মধ্য দিয়ে ‘যুদ্ধক্ষেত্রে কোনো সেনাকে পিছনে ফেলে না আসার নীতিই অনুসরণ করেছেন তিনি।
বার্গডালের মুক্তির পর একটি ভিডিও প্রকাশ করেছে তালেবানরা। ভিডিওতে দেখা গেছে, দাড়ি-গোঁফ কামানো, মাথা মোড়ানো এবং সাদা পায়জামা পাঞ্জাবি পরা বার্গডাল একটি সাদা পিকআপ ট্রাকে বসে আছেন। সাদা পতাকা হাতে তালেবান যোদ্ধাদের একজন বার্গডালকে মার্কিন বাহিনীর হাতে তুলে দেয়।