নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮৩ জন নিহত
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২০:৪৭
ক্যামরুনের সীমান্তবর্তী নাইজেরিয়ার তিনটি গ্রামে বন্দুকধারীদের হামলার পর অন্তত ৮৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের গোওঝা এলাকায় অবস্থিত ঐ তিনটি গ্রামে মঙ্গলবার হামলার ঘটনা ঘটলেও প্রদেশটির রাজধানী মাইদুগুরিতে বুধবার ঐ হামলার খবর পৌঁছে। আক্রান্ত এলাকা থেকে মাইদুগুরি ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত হলেও টেলিযোগাযোগের সঙ্কেত দুর্বল হওয়ায় তাত্ক্ষণিকভাবে খবর পাঠানো সম্ভব হয়নি। সামরিক বাহিনীর গাড়ির রঙের মতো যানবাহনে চড়ে এবং সেনা সদস্যদের মতো পোশাক পরে বন্দুকধারীরা ঐ গ্রামে হামলা চালিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
স্থানীয় বাসিন্দারা বন্দুকধারীদের সেনাসদস্য বলে মনে করেছিলেন। কিন্তু ছদ্মবেশধারীরা যে ইসলামপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারামের সদস্য হতে পারে, গ্রামবাসীরা তা ভাবতেও পারেননি বলে জানান স্থানীয় বাসিন্দা ইসায়া মূসা। মূসার তথ্য অনুসারে ঐ এলাকা থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় ৮৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে তিনদিন আগে আটাগাড়ার একটি চার্চে সন্দেহভাজন বোকো হারাম সদস্যদের গুলিতে ৯ জন নিহত হন।