পাকিস্তানে তালেবান নেতা আশিকুল্লাহসহ নিহত ৩২
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২০:৪৮
পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষস্থানীয় কমান্ডার আশিকুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন। এছাড়া বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক সেনাসহ আরো ৩০ জঙ্গি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে দ্য ডন।
টিটিপি’র আত্মঘাতী বোমা হামলা বিশেষজ্ঞ আশিকুল্লাহ উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্যাঞ্চলে মির আলি শহরে নিহত হন। সরকারি কর্মকর্তা ও পার্বত্য অঞ্চলের সূত্রগুলো নিশ্চিত করেছে, আশিকুল্লাহ মেহসুদ টিটিপি’র প্রধান কমান্ডার এবং কারি হুসেইন মেহসুদ নিহত হওয়ার পর সেই ছিল জঙ্গি গোষ্ঠীটির সবচেয়ে দক্ষ আত্মঘাতী হামলা প্রশিক্ষক। সূত্রগুলো জানিয়েছে, টিটিপি’র কয়েকজন সদস্যের সঙ্গে বসে ছিলেন আশিকুল্লাহ, এমন সময় কয়েকজন বন্দুকধারী এসে তাকে গুলি করে গাড়িযোগে পালিয়ে যায়। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, টিটিপি’র শেরিয়া মেহসুদ গোষ্ঠীর সঙ্গে খান সাইদ সাজনা গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বীতার জেরে আশিকুল্লাহ নিহত হয়েছেন। আশিকুল্লাকে তালেবান চক্রের মধ্যে সবচেয়ে দক্ষ আত্মঘাতী বোমা হামলা প্রশিক্ষক বলে বিবেচনা করা হতো। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এছাড়া আশিকুল্লাহর নিহত হওয়ার বিষয়ে টিটিপি’র পক্ষ থেকেও কোনো বিবৃতি দেয়া হয়নি।
এদিকে বৃহস্পতিবার বেলুচিস্তানের দেরা বুগতি জেলায় এক তল্লাশি অভিযানে পাকিস্তান নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন ৩০ জঙ্গিকে হত্যা করেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। ওইদিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি। অভিযানে জঙ্গিদের আটটি শিবির ধ্বংস ও ৩৫০ কেজি বিস্ফোরক, ৫০টি মাইন এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।