এক বছরেও শুরু হয়নি অগ্রাধিকারপ্রাপ্ত ২৮ কাজ
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২০:৫৮
দেশের অবকাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে হাতে নেয়া ২৮টি কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া এক বছরেও শুরু করতে পারেনি সরকার। বৃহস্পতিবার বাজেট বক্তৃতার সাথে সংযুক্ত সারণিতে এ তথ্য সংসদে উপস্থাপন করা হয়েছে।
অগ্রাধিকারপ্রাপ্ত এসব কাজের মধ্যে রয়েছে— ভারতের সঙ্গে টিপাইমুখ প্রকল্পের বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনা, মংলা বন্দরের জন্য মাল্টিপারপাস জেটি নির্মাণ, প্রতি গ্রামে অন্তত একটি জলাশয় সংস্কার ও সংরক্ষণ এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত উন্নয়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারের একটি রূপরেখা প্রণয়ন। ভৌত অবকাঠামোগত উন্নয়ন খাতের আওতায় ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক নির্মাণ ও রেলপথ স্থাপন, ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণ, মগবাজার-মৌচাক-পল্টন হতে ঢাকা-মাওয়া সড়কে ফ্লাইওভার নির্মাণ, পিপিপির আওতায় আমিন বাজার থেকে পলাশী পর্যন্ত নিরবচ্ছিন্ন করিডোর নির্মাণ, বাংলাদেশ রেলওয়েকে একটি করপোরেট প্রতিষ্ঠানে রূপান্তর, রেল ব্যবস্থা বৈদ্যুতিকরণ, ইউনিয়ন সেন্টার ও মহানগরের শহরতলীতে জনবসতি কেন্দ্র ও টাউনশিপ গড়ে তোলা।
এ ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এককেন্দ্র সেবা সেল চালু করা। ব্যবসায়িক পরিবেশ খাতের আওতায় অবাস্তবায়িত কার্যক্রমের মধ্যে রয়েছে- নির্মাণ কর্মকাণ্ডে বিভিন্ন ছাড়পত্র গ্রহণের সুবিধার্থে ওয়ানস্টপ সেবাকেন্দ্র চালু, বিনিয়োগ সংক্রান্ত আইন-কানুন সহজিকরণ ও ২০১২ সালের মধ্যে ট্রেড পোর্টাল স্থাপনের কাজ সমাপ্ত করা।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের আওতায় ছিল- জাতীয় পুষ্টি কার্যক্রম কর্মসূচিকে ১২৩টি উপজেলায় সম্প্রসারণ করা ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীর অনুপাত ১:৩:৫-এ উন্নীত করা। সুশাসন খাতে ঢাকাসহ মহানগরীর ক্রমবর্ধমান পরিবহন যানজট, পানি, পয়ঃনালা ও পরিবেশ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।
এ ছাড়াও সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ১০-এ উন্নীতকরণ কার্যক্রমও শুরু করতে পারেনি সরকার। রাজস্ব প্রশাসনের আওতায় ন্যাশনাল ট্যাক্স ট্রাইব্যুনাল গঠন, রিজার্ভ ফর রিওয়ার্ড অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনসেনটিভ নামে একটি হিসাব প্রতিষ্ঠান গড়ে তোলা, ট্যাক্স ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার কাজও শুরু হয়নি গত এক বছরে। এছাড়া স্টক একচেঞ্জের লেনদেন নিষ্পত্তির লক্ষ্যে পৃথক ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা, ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা ও ট্রানজিট সুবিধা প্রদানের জন্য বিধি-বিধান প্রণয়ন।