বাজেট সম্পর্কে বিএনপির বক্তব্য অবান্তর

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বাজেট সম্পর্কে বিএনপি নেতারা যে মন্তব্য করেছেন তা অবান্তর, অরাজনৈতিক ও প্রতিহিংসামূলক। প্রকৃতপক্ষে বাজেটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক ভিত্তি বিএনপির নেই। কারণ এই দলটির জন্মই অবৈধ। কটূক্তি না করে বাজেট নিয়ে পরামর্শ দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান। শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বাজেট ঘোষণার নৈতিক ভিত্তি সরকারের নেই’ মর্মে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জিয়া যখন বাজেট দিয়েছিলেন তা কি অনৈতিক ছিল না? যাদের নিজের কোন নৈতিকতা ও রাজনৈতিক ভিত্তি নেই তারা আর যাই বলুক নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।