বাজেটে যানজট কমানোর ওপর গুরুত্ব আরোপ
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২১:০০
২০১৪-১৫ সালের প্রস্তাবিত বাজেটে বিশেষ করে রাজধানী ঢাকার যানজট কমাতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় ঢাকা মহানগরীতে যানজট নিরসনে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণের কথা উল্লে¬খ করেছেন।
তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’-এর তত্ত্বাবধানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে মেট্রো রেল এ্যাক্ট-২০১৪ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এছাড়া শান্তিনগর থেকে বুড়িগঙ্গার ওপর দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।