সরকারি প্রতিষ্ঠানে ক্রমাগত লোকসান

রাষ্ট্রায়ত্ত সংস্থাসমূহের লোকসান ক্রমাগত বেড়েই চলেছে। কিছু প্রতিষ্ঠান মুনাফা করলেও লোকসানি প্রতিষ্ঠানগুলোর কারণে তা ম্লান হয়ে যাচ্ছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের ২২ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর মোট লোকসানের পরিমাণ তিন হাজার ২২ কোটি টাকার বেশি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলো লোকসান দিয়ে আসলেও গত অর্থবছরে (২০১২-১৩) তা কিছুটা কমে আসে। কিন্তু চলতি অর্থবছরে এসে তা আরো বাড়তে থাকে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ অনুযায়ী চলতি অর্থবছরের ২২ এপ্রিল পর্যন্ত সরকারের বিভিন্ন শিল্প ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো মোট তিন হাজার ২২ কোটি টাকা লোকসান দিয়েছে। এর মধ্যে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড সাত হাজার ৯২ কোটি টাকা লোকসান দিয়ে শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দুই হাজার ৪৮৯ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা বিজেএমসির লোকসানের পরিমাণ সাড়ে চারশ’ কোটি টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের লোকসানের পরিমাণ ৪০২ কোটি টাকার মতো। বিএফআইডিসির লোকসানের পরিমাণ ৩৩০ কোটি টাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড লোকসান দিয়েছে ৩১০ কোটি টাকা। সরকারি পরিবহন সংস্থা বিটিআরসির লোকসানের পরিমাণ ৩৬ কোটি ৭২ লাখ টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন লোকসান দিয়েছে ১১ কোটি টাকা। তবে সরকারের কিছু প্রতিষ্ঠান মুনাফাও করেছে। কিন্তু লোকসানের তোড়ে মুনাফার অংক ম্লান হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন মুনাফা করেছে নয় হাজার ৩৯৮ কোটি টাকা।