ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি চার ডাকাত গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত বৃহস্পতিবার রাত ২টায় নোয়াখালীগামী এশিয়া ক্ল্যাসিক পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গাড়িটি মেঘনা সেতুতে টোল দিয়ে সেতু পার হওয়ার পর থেকেই যাত্রীবেশী ৭/৮ জন ডাকাত অস্ত্র তাক করে গাড়ির সিটে থাকা কভার দিয়ে মুখ-চোখ বেঁধে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। গাড়িতে ডাকাতি শেষে ডাকাতরা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ টামটার নির্মাণধীন নতুন সড়কে গাড়ির চালক, সুপারভাইজার ও যাত্রীদেরকে নামিয়ে ডাকাতির মালামালসহ গাড়িটি নিয়ে ঢাকার দিকে চলে যায়। এ সময় যাত্রীদের চিত্কারে মহাসড়কে টহলরত পুলিশ এগিয়ে আসে। টহল পুলিশ দাউদকান্দি, গজারিয়া ও কাঁচপুর হাইওয়ে পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করলে গতকাল শুক্রবার দাউদকান্দি পুলিশের সহযোগিতায় কাঁচপুর হাইওয়ে পুলিশ চারডাকাতসহ গাড়িটি আটক করে দাউদকান্দিতে নিয়ে আসে। আটককৃত ডাকাতরা হলেন, আপু হোসেন, মো. সুমন মিয়া, কাউছার ও মনির হোসেন। পুলিশ ডাকাতদের নিকট থেকে ২৭টি মোবাইল সেট, ১৫টি মানিব্যাগ, ২৪ হাজার নগদ টাকা ও যাত্রীদের ২০টি লাগেজ উদ্ধার করা হয়।