উদ্বোধনের পরও চালু হয়নি দৌলতগঞ্জ স্থলবন্দর
চুয়াডাঙ্গা প্রতিনিধি ও জীবননগর সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২১:২৩
ভারতীয় অংশে প্রস্তুতির অভাবে চালু হচ্ছে না সরকার অনুমোদিত চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর। ফলে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর কর্মচাঞ্চল্যহীন পড়ে আছে সরকারি এই স্থাপনাটি। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন দৌলতগঞ্জ নামক স্থানে ২০১৩ সালের ২৪ আগস্ট নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে একই বছরের ৩ জুন নৌ-পরিবহন মন্ত্রণালয় বন্দরটির লিখিত অনুমোদন প্রদান করে। এর পূর্বে স্থানীয় বেসরকারি উদ্যোগে বন্দর এলাকায় ১০ একর জমির উপর ষ্টক ইয়ার্ডসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। একই সাথে সংলগ্ন পূর্বতন দৌলতগঞ্জ কাষ্টম চেকপোষ্ট এণ্ড ইমিগ্রেশন অফিস ইত্যাদির নির্মাণ কাজও সম্পন্ন করা হয়। এদিকে, সরকারিভাবে উদ্বোধনের পর বিগত প্রায় এক বছরেও বন্দরটির কার্যক্রম শুরু হয়নি। এ বন্দর উপলক্ষে ভারতীয় অংশে পশ্চিম বাংলার নদীয়া জেলাধীন কেষ্টগঞ্জ থানার টঙ্গীতে এখন পর্যন্ত প্রয়োজনীয় কোন অবকাঠামো নির্মাণ করা হয়নি। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। অচিরেই বন্দরটি চালু হয়ে যাবে।