প্রতিবেশীদের মধ্যে সবার আগে চিলি

সমর্থক হিসেবে চিলিয়ানদের বেশ নাম-ডাক আছে। মিশর ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুটি জয় দিয়ে বিশ্বকাপ খেলতে ব্রাজিলে আসার পর আবারও স্পষ্ট হয়ে উঠলো তাদের এই পরিচয়। গত বৃহস্পতিবার লা রোজারা ব্রাজিলে এসে পৌঁছায়। প্রথম দল হিসেবে ব্রাজিলে আসে অস্ট্রেলিয়া। কিন্তু দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে আসলো চিলি। সর্বশেষ গত বুধবার তারা ২-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। বেলো হরিজেন্তোর বিমান বন্দরে পৌঁছানোর পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পায় দলটি। সেখান থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৩৫ কিলোমিটার যাত্রা শেষে টিম হোটেলে এসে পৌঁছায়। গ্রুপ ‘বি’ তে লাতিন আমেরিকান দলটির লড়াই অবশ্য খুব একটা সহজ হবে না। কারণ, গতবারের দুই ফাইনালিস্ট আছে এই গ্রুপেই। স্পেন ও নেদারল্যান্ড ছাড়া বাকি দলটি হচ্ছে অস্ট্রেলিয়া। সেই সকারুজদের বিপক্ষেই আগামী ১৩ জুন কুইয়াবাতে প্রথম ম্যাচে মাঠে নামবে চিলি।