রোনালদোকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পর্তুুগালের
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২১:৫৯
ক্রিশ্চিয়ানো রোনালদো জার্মানির বিরুদ্ধে পর্তুগালের উদ্বোধনী খেলাটির আগে ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। বিশেষ করে পর্তুগালের কোচ পাওলো বেন্টো তারকা ফুটবলারটির প্রত্যাবর্তনের ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানায়।
রোনালদো গতকাল শুক্রবার রাতে মেক্সিকোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটির আগে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে পারেননি। সব মিলিয়েই ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়টির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা এখনো কাটেনি। এই উইঙ্গার দু’টি ইনজুরিতে ভুগছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছিল, রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার উরুর পেশিতে টান পড়ার পাশাপাশি বাম হাঁটুর পেশীর চোটেও ভুগছেন।
পর্তুগাল ১৬ জুন বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী জার্মানির মুখোমুখি হবে। মেক্সিকোর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলেই পাওলো বেন্তোর দল ব্রাজিলে উড়াল দেবে।