লোহাগাড়া-পূর্বধলায় বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৬৫
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২২:৫৬
মুখোমুখি যাত্রীবাহী বাসের সংঘর্ষে গতকাল শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ায় ৪০ জন ও নেত্রকোনার পূর্বধলায় ২৫ জন যাত্রী আহত হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে ও দাউদকান্দি উপজেলায় ২ জন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ জন এবং রাজবাড়ীতে ১ জন নিহত হয়েছেন। ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় গতকাল সকালে দূরপাল্লার ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া ও কক্সবাজার অভিমুখী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: শ্যামগঞ্জ- বিরিশিরি সড়কের দেওটুকোন এলাকায় গতকাল দুপুরে এক যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার দেওটুকোন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন ও দাউদকান্দি উপজেলার রায়পুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়। নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী মো. জাহেদ (২৫) ও ট্রাক চালক খায়রুল ইসলাম খায়ের (৫০)।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে করে মো. জাহেদ চান্দিনা বাস স্টেশন এলাকায় পৌঁছলে ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইনের এক দ্রুতগামী যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস ও ট্রাকের সংঘর্ষে বালু বোঝাই ট্রাকের চালক খায়ের (৫০) ঘটনাস্থলে নিহত হয়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা:উপজেলার হাটিকুমরুল বিসমিল্লাহ হোটেলের সামনে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গত বৃহস্পতিবার মিনি ট্রাকের যাত্রী পরিমল চন্দ্র (৪২) মারা গেছেন। এ সময় উভয় গাড়ির ৪ যাত্রী আহত হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী-ফরিদপুর সড়কের জেলা সদরের আলীপুর ইউনিয়নের আলাদীপুর জামাই পাগলের মাজারের গেইটে গাছের সাথে পিকআপ গাড়ির দুর্ঘটনায় গতকাল ভোরে ঘটনাস্থলেই নাটোরের গুরুদাসপুরের দুবার গ্রামের মাছ ব্যবসায়ী আশরাফ আলী খান (৪০) নিহত হয়েছেন। এ সময় ২ জন আহত হয়।