নবীনগরে বিক্ষোভ সমাবেশ আজ

৩ দিনেও আদালতের আদেশ সম্বলিত কপি নবীনগর থানায় না পৌঁছায় আজ শনিবার বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করেছে। উল্লেখ্য, জেলায় নবীনগরের জুডিসিয়াল আদালত গত বুধবার র্যাব-১৪র ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও ৮ র্যাব সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শাহনুর আলমকে নির্যাতন করে হত্যা ঘটনায় মামলা দায়েরের নির্দেশ প্রদান করে। নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, আমরা আদেশের কপির অপেক্ষায় আছি। ইতিমধ্যেই র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ প্রদানকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে আমলী আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। নিহতের ভাই জানান, সমাবেশ ও বিক্ষোভের পর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি কর্মসূচি ঘোষণা করা হবে।