ক্ষমতা চিরস্থায়ী করতে এই বাজেট :ফখরুল
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২৩:০২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত বাজেট সম্পর্কে আমি কোন প্রতিক্রিয়া দিতে চাই না। সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এ বাজেট। সরকারের এ বাজেট পেশের কোনো অধিকার নেই। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এ যাবত্ দুনিয়ার কোন দেশে কেউ জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না। প্রধানমন্ত্রীর জাপান-চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, এতে বিদেশিদের সমর্থন পাওয়া যাবে কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না।
এদিকে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার পরের টাকার উপর নির্ভর করে এই বাজেট পেশ করেছে। কিন্তু সরকারের পরের বোঝা বহন করার ক্ষমতা নেই। তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো বাজেট বৈধতা পাবে না। এই বাজেট মূলত লুটপাটের বাজেট। এই বাজেট মন্ত্রী-এমপিদের পকেট ভর্তির জন্য করা হয়েছে, জনগণের জন্য নয়।
আয়োজক সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।