বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিতিশীলতা
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২৩:০৫
সরকার ঘোষিত বাজেটকে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বলে মনে করলেও একই সঙ্গে বাজেট বাস্তবায়নে রাজনৈতিক অস্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এছাড়া সুশাসন নিশ্চিত করা, চাহিদা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুত্ সরবরাহ, বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করাও বাজেট বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে মনে করে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের জনসাধারণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে বাজেটের এ আকার অবাস্তব নয়। তবে বাজেট বাস্তবায়নে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
বাজেট বিনিয়োগ ও শিল্পবান্ধব হয়েছে। নতুন করে বিনিয়োগকারীদের স্বার্থে নেয়া বেশ কিছু পদক্ষেপ প্রশংসনীয়। ব্যবসা ও পুঁজিবাজার সহায়ক বাজেট প্রণয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলে প্রতীয়মান হয়। বাজেটে কৃষি, বিদ্যুত্ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও দেশের সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে এফবিসিসিআই মনে করে।
তবে বেশ কিছু সেবাখাতে ভ্যাটের হার বাড়ানো বাস্তবসম্মত নয় বলে মনে করে এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে নতুন ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়।