আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও জেলায় সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেটে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। যে জাতির মধ্যে শিক্ষা আছে, সেই জাতিকে কেউ কোন দিন ধ্বংস করতে পারে না। শিক্ষার মানউন্নয়নে শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি কাজ করছে। জেলার সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সরকার গঠন করার পর আবার উন্নয়ন কর্মকাণ্ড শুরু করি। আওয়ামী লীগ জনগণের সরকার। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, লুটপাটে বিশ্বাস করে না। জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা ঢাকার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।