২০ লাখ রুপিতে ‘গ্ল্যামার’-এর স্বত্ব্ব বিক্রি করবেন নির্মাতা মহুয়া চক্রবর্তী
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২০:১৭
গত ৬ এপ্রিল থেকে কলকাতার মেধাবী নির্মাতা মহুয়া চক্রবর্তীর পরিচালনায় ‘গ্ল্যামার’ ছবির শুটিংয়ের কাজ চলছে। ছবিটির কাজ শেষ পর্যায়ে। কলকাতার কর্পোরেট কালচার বিশেষ করে ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। ২০১১ সালে এই ছবির জন্য চুক্তিবদ্ধ হন আমাদের দেশের মডেল অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। নির্মাতার ভাষ্যমতে ছবিটি সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হবে। তবে এটি বর্ণাঢ্যভাবেই দুই বাংলায় রিলিজ দিতে চান নির্মাতা। দীর্ঘদিন ধরে ছবিটি নিয়ে গবেষণা ও রিয়েলিটি প্রোগ্রাম ক্যাম্পেইনের মাধ্যমে পশ্চিমবাংলা থেকে তরুণ অভিনেত্রী বাছাই করেছেন। ছবিতে রুহি পরমব্রতর বিপরীতে অভিনয় করেছেন। এরই ভেতরে কলকাতার একাধিক মিডিয়ায় ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাই নির্মাতা এখন চাইছেন বাংলাদেশেও ছবিটির আলাদা স্বত্ব বিক্রি করে এদেশের সিনেমা হলে একই সাথে রিলিজ দিতে। নির্মাতা মহুয়া চক্রবর্তী ২০ লাখ রুপিতে বাংলাদেশে ছবিটির স্বত্ব বিক্রি করবেন বলে জানান।
মহুয়া চক্রবর্তী বলেন, ‘দুই বাংলা মিলিয়েই আমাদের একটি বড় বাজার তৈরি করতে হবে। তবেই বাংলা চলচ্চিত্রের উন্নয়ন হবে। আমি মনে করি রুহির ক্যারিয়ারের অন্যতম টার্নিং চলচ্চিত্র এটি। তাই অফিসিয়ালি আমি একই সাথে দুই বাংলায় ছবিটি রিলিজ দেওয়ার চেষ্টা করছি।’