ব্রাজিলে রেল ধর্মঘট অব্যাহত বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২০:৪০
ব্রাজিলের সাও পাওলো শহরে মেট্রোরেল কর্মচারীদের ধর্মঘটের দ্বিতীয় দিনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এর ফলে পুরো শহরে পরিবহন ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়।
ধর্মঘটের কারণে প্রায় অর্ধ সংখ্যক রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে বাসের ওপর চাপ বেড়ে যাওয়ায় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় দেশটির সবচেয়ে বড় এই শহরটিতে। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ এই শহরেই অনুষ্ঠিত হবে। মূলত কর্মচারীদের বেতন অন্ততপক্ষে শতকরা ১০ ভাগ বাড়ানোর দাবিতে এই ধর্মঘট পালন করছে তারা। এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হলেও তা ব্যর্থ হয়ে যাওয়ায় ধর্মঘট শুরু হয় এবং এখনো সেটি অব্যাহত রয়েছে। শহরটির তৃতীয় মেট্রোরেল স্টেশন শুক্রবার সকালে বন্ধ করা হয়। এতে করে সকালের দিকে শহরের ২০০ কিলোমিটারের বেশি এলাকায় যানজট সৃষ্টি হয়।
সামরিক পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, যাত্রীরা শহরটির কেন্দ্রে অবস্থিত আনা রোসা স্টেশনের ভেতর প্রবেশ করতে চাইলে ধর্মঘটী পিকেটার ও তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ বিক্ষোভ দমনে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। দেশটির প্রেসিডেন্ট দিলমা রউসেফ বলেছেন, এ বিক্ষোভ অনুষ্ঠেয় বিশ্বকাপের টুর্নামেন্টে কোন ধরনের প্রভাব ফেলবে না।