যাত্রী ছাউনি দখল করে অবৈধ দোকান ঘর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন বাস স্টেশনে যাত্রী সেবার জন্য সরকারি ভাবে নির্মিত যাত্রী ছাউনির সামনে দখল হয়ে গড়ে উঠেছে অবৈধ দোকান । সড়ক ও জনপথ বিভাগ, টাঙ্গাইল জেলা পরিষদ এবং মির্জাপুর পৌরসভার উদ্যোগে মির্জাপুর উপজেলার কয়েকটি বাস স্টেশনে যাত্রী ছাউনিগুলো নির্মিত হয়েছে। অপরদিকে মির্জাপুর পৌরসভার উদ্যোগে মির্জাপুর পুরান বাস স্টেশনের দু’পাশে দুটি যাত্রী ছাউনি নির্মাণ করলেও সে যাত্রী ছাউনি দুটি রাতারাতি দখল হয়ে বিভিন্ন ফলের দোকান ও মনিহারি স্টেশনারী দোকান হয়েছে। এ ছাড়া যাত্রী ছাউনির সামনের দু’পাশে দখল হয়ে দোকানপাট নির্মাণ হওয়ায় যাত্রীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যাত্রী ছাউনিগুলো দেখাশোনার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। যাত্রী ছাউনিগুলো কে বা কারা দখল করেছে তিনি তা অবগত নন বলে জানিয়েছেন। মির্জাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুর রহমান সহিদ বলেন, যাত্রী ছাউনিগুলো যাত্রীদের সেবার জন্য নির্মিত হয়েছে। যাত্রী ছাউনির সামনে যদি কেউ দোকানপাট নির্মাণ করে থাকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।