গলাচিপায় মাদ্রাসা মাঠে পশুর হাট
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৪
গলাচিপা উপজেলার কালারাজা হাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে প্রতি বুধবার বসছে গরুর হাট। একদিকে শিক্ষার্থীদের পাঠদান পাশাপাশি মাদ্রাসার মাঠেই চলছে গরু বেচাকেনা। মাঠে গরুর হাট বসায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ মাদ্রাসার অধ্যক্ষ ও কতিপয় প্রভাবশালী ব্যক্তি নিজেরা লাভবান হওয়ার জন্য নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসাচ্ছে। চার-পাঁচ বছর ধরে হাট বসলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাথা ব্যথা নেই ।
স্থানীয়রা জানান, মাদ্রাসার মাঠে গরু কেনাবেচা করতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বর্তমানে এ মাদ্রাসায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। হাটের মানুষের চেঁচামেচি, গরু-বাছুরের ডাকাডাকিতে শিক্ষকের পাঠদান কিছুই শোনা যায় না।
গবাদি পশুর মল-মূত্রের দুর্গন্ধের মধ্যেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। প্রতিহাটে খাজনা বাবদ দশ থেকে পনের হাজার টাকা আদায় হয়। অথচ মাদ্রাসার তহবিলে কোন অর্থ জমা হয় না।
মাদ্রাসার অধ্যক্ষ মু. মিজানুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে মাদ্রাস মাঠে গরুর হাট বসানো হয়েছে। এখানে তার কিছু করার নেই।