ভাণ্ডারিয়ার ২টি মাদ্রাসার ৬৮ পরীক্ষার্থী বিপাকে
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৭
আগামী ১২ জুন থেকে অনুষ্ঠিতব্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সমমান ফাজিল পরীক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার দুটি পরীক্ষা কেন্দ্রের ৬৮ জন পরীক্ষার্থী নিজ উপজেলা এবং কাছাকাছি কেন্দ্রে দিতে না পারার আশঙ্কায় বিপাকে পড়েছেন।
উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রের ৬৮জন পরীক্ষার্থীকে পিরোজপুরের অন্য দুটি কেন্দ্রে স্থানান্তর করায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে।
নিজ উপজেলা কেন্দ্র থেকে জেলা শহরের একদিকে দূরত্ব আর অন্যদিকে নদী পার হয়ে প্রতিদিন পরীক্ষায় অংশ নেয়া চরম দুর্ভোগের সৃষ্টি করবে বলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা অভিযোগ করেছে।
আগামী ১২ জুনের এ পরীক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল মাদ্রাসা (কেন্দ্র কোড পিরোজপুর-৫) ও আল গাজ্জালী ইসলামীয়া কামিল মাদ্রাসা (কেন্দ্র কোড পিরোজপুর-৬) এ উপজেলার ফাজিল ডিগ্রী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে উপজেলার জোলাগাতি ফাজিল মাদ্রাসার ৩০জন ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ও তেলিখালী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ৩৮জন পরীক্ষার্থী আল গাজ্জালী ইসলামীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের কথা।
সম্প্রতি ওই দুই মাদ্রাসার ৬৮জন শিক্ষার্থী প্রবেশপত্র নিতে গিয়ে জানতে পারে তাদের কেন্দ্র হয়েছে জেলা সদর মাদ্রাসা ও টগরা মাদ্রাসায়। এতে ওই ৬৮জন পরীক্ষার্থী নিজ এলাকার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে না পেরে হতাশায় পড়েছে।
ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ছিদ্দিকুর রহমান জানান, রহস্যজনক কারণে দুটি মাদ্রাসার ৬৮জন পরীক্ষার্থীকে পিরোজপুরের কেন্দ্রে স্থানান্তর করায় আমরা হতাশ।
এ ব্যাপারে ভাণ্ডারিয়ার জোলাগাতি মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী সাংবাদিকদের বলেন, অহেতুক কাছাকাছি পরীক্ষা কেন্দ্র থেকে দূরবর্তী স্থানের কেন্দ্রে স্থানান্তর করায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে।