শ্রদ্ধা ভালবাসায় সিক্ত সাংবাদিক মাহবুবুল আলম
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৮
শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক মাহবুবুল আলম। শনিবার জাতীয় প্রেসক্লাবে সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর পর রাজধানীর আজিমপুর কবরস্থানে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে বিশিষ্ট এই সাংবাদিককে।
এর আগে দুপুরে মাহবুবুল আলমের মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ পেশাজীবীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় প্রেসক্লাবে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল জাতীয় প্রেসক্লাবে জানাজায় অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, জাসদ সভাপতি আ স ম আবদুর রব, ব্যবসায়ী নেতা আনিসুল হক, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।
সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ, গোলাম সারওয়ার, মাহফুজ আনাম, আলতাফ মাহমুদ, মতিউর রহমান, মনজুরুল আহসান বুলবুল, আমানউল্লাহ কবীর, শাহজাহান মিয়া, সৈয়দ আখতার ইউসুফ, রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, আবদুল হাই শিকদার, আবদুস শহীদ, কুদ্দুস আফ্রাদ, সৈয়দ আবদাল আহমেদ, শাহেদ চৌধুরী, ইলিয়াস খান, এম মহসিন আলী, মীর আহমেদ মীরু, নুরুউদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়া এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, সমকালের প্রকাশক এ কে আজাদ, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মুনয়েমও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।