মানুষ স্বপ্ন দেখার সাহস হারিয়েছে
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৯
ছাত্রলীগের প্রাক্তন নেতারা বলেছেন, দেশের মানুষ স্বস্তিতে নেই। অস্বাভাবিক এক পরিবেশ বিরাজ করছে দেশে। মুখে গণতন্ত্র আছে, কাজে নেই। সাধারণ মানুষ স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলছে। পরিবারতান্ত্রিক রাজনীতি ও গুটি কয়েক রাজনীতিকের হাতে দেশ ও গণতন্ত্র জিম্মি হয়ে পড়েছে। শেয়ারবাজারে লুটপাট হয়েছে, ব্যাংকে লুটপাট চলছেই। সরকার অর্থনৈতিক উন্নয়ন দেখালেও সাধারণ মানুষের উন্নতি ঘটেনি। নতুন বাজেট অনেক বড় হলেও খেটে খাওয়া মানুষের জন্য কোন সুসংবাদ নেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফান্সে লাউঞ্জে‘ ঐতিহাসিক ৭ জুন ও ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভার আয়োজন করে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন।
সংগঠনের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, দুই পরিবারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। দেশে গণতন্ত্রকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চলছে।
ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মোহাম্মদ আলী বলেন, জনগণ স্বস্তিতে নেই। দু:সহ জীবন পার করছে। বঙ্গবন্ধুর এবং মুক্তিযদ্ধের চেতনার বাংলাদেশ এখনো বহুদূর। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান বলেন, সকল পেশার মানুষকে বিভাজিত করার চেষ্টা করছেন দুর্বৃত্তায়িত রাজনীতিকরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এম এ রশিদ, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।