কমিটি গঠন নিয়ে বারহাট্টা বিএনপি’র দু’গ্রুপ মুখোমুখি
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৯
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন সম্মেলনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে। দলের নেতৃত্ব মূলত দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
একদিকে রয়েছেন আহবায়ক রহমত আলী এবং অপরদিকে সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও সম্পাদক আশিক আহমেদ কমল। এক গ্রুপ অপর গ্রুপের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, মিছিল, মিটিং অব্যাহত রাখায় উপজেলা বিএনপি’র রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।
এ নিয়ে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে নেতা-কর্মীরা আশংকা প্রকাশ করেছেন। এরই জের ধরে গত শুক্রবার বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল পণ্ড হয়ে যায়। গরুহাট্টা মাদ্রাসা মাঠে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বিরোধিতার কারণে আহবায়ক কমিটি সম্মেলন করতে ব্যর্থ হয়।