অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:০০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহীনুর আলম হত্যার ঘটনায় র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এজেডএম সাকিব সিদ্দিকীসহ ক্যাম্পের ৯ সদস্য এবং অন্য দুই আসামী গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগরে চিরকুট পাঠিয়ে একাধিক বাড়িতে চাঁদা দাবি ও বিভিন্ন বাড়িতে আগুন দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব-১৪-এর একটি দল গত ২৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে উপজেলার বগডহর গ্রামের মহিউদ্দিন ওরফে মদনকে গ্রেফতার করে। পরে মদনের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের রহিছ মেম্বারের ছেলে শাহীনুর আলমকে গ্রেফতার করে। ৩০ এপ্রিল দুজনকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়। ১ মে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। জেল হাজতে শাহীনুর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে গত ৪ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঐদিনই তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিত্সাধীন অবস্থায় শাহীনুর ৬ মে রাতে মারা যান। র্যাবের নির্যাতনে শাহীনুরের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।